যতদূর দেখেছি, আপনার টাকা যদি একটি দেশের ওপর নির্ভরশীল হয়, তাহলে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। কারণ যে দেশের নাগরিক আপনি, যদি সেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না হয়, তাহলে আপনার টাকা সেই দেশ কীভাবে বৃদ্ধি করিয়ে দেবে? কখনোই পারবে না।
তাই যখন গ্লোবাল স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে, তখন কেন সারা বিশ্বে যে দেশগুলো উন্নতি করছে, সেই দেশগুলোর বাজারে টাকা বিনিয়োগ করবেন না? এমন বহু মানুষ আছেন, যারা গ্লোবাল মার্কেটে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে প্রচুর সম্পদ অর্জন করেছেন।
তাহলে আসুন, আমরা দেখি কীভাবে গ্লোবাল মার্কেটে বিনিয়োগ করা যায়।
গ্লোবাল স্টক মার্কেট কীভাবে কাজ করে – সহজ পরিচিতি
বর্তমান সময়ে বিনিয়োগ শুধু নিজের দেশের শেয়ার বাজারে সীমাবদ্ধ নেই। এখন চাইলে বিশ্বের যেকোনো দেশের স্টক মার্কেটে বিনিয়োগ করা যায়, যাকে আমরা গ্লোবাল স্টক মার্কেট বলি। তবে প্রতিটি দেশের স্টক মার্কেটের নিয়ম, ট্রেডিং পদ্ধতি এবং সুযোগ একরকম নয়। আপনি যে দেশে বিনিয়োগ করবেন, সেই দেশের অর্থনৈতিক অবস্থা, সরকারী নিয়ম, কর ব্যবস্থা, ব্রোকার চার্জ এবং বাজার খোলার সময়—সবকিছুই আলাদা হতে পারে।
সহজভাবে বললে, গ্লোবাল স্টক মার্কেট এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানির শেয়ার, বন্ড ও অন্যান্য আর্থিক পণ্য কেনাবেচা হয়। এর মাধ্যমে কোম্পানিগুলো বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে, আর বিনিয়োগকারীরা বিভিন্ন দেশ ও সেক্টরে টাকা লাগিয়ে ঝুঁকি কমানোর সুযোগ পায়।
উদাহরণ হিসেবে বলা যায়, সিঙ্গাপুর স্টক মার্কেটে অপশন ট্রেডিং নেই এবং সেখানে ডিভিডেন্ড দেওয়া স্টকের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে মার্কিন স্টক মার্কেটে বড় বড় টেক কোম্পানি যেমন Apple, Microsoft, Google-এর মতো প্রতিষ্ঠান দ্রুত গ্রোথ করেছে, তাই সেখানে গ্রোথ স্টকে বিনিয়োগ বেশি জনপ্রিয়। এই পার্থক্যগুলো বোঝাই গ্লোবাল স্টক মার্কেট শেখার প্রথম ধাপ।
সংক্ষেপে বলতে গেলে, গ্লোবাল স্টক এক্সচেঞ্জ বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো কীভাবে কাজ করে তা বুঝতে পারলে বিনিয়োগের সিদ্ধান্ত আরও সঠিক হয় এবং আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী ও বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করা সম্ভব হয়।
২. বিভিন্ন দেশের শেয়ারে বিনিয়োগ করে ঝুঁকি কমান
গ্লোবাল ইনভেস্টমেন্ট করলে কী হয় জানেন? আপনার যে টাকা ইনভেস্ট করা থাকে, সেটা আরও বেশি শক্তিশালী ও সেফ অবস্থায় থাকে। কারণ, যদি কোনো একটি দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে আপনার ইনভেস্ট করা টাকা লসের মধ্যে চলে যায়, তাহলে অন্য কোনো দেশের লাভ সেই লসকে কভার করে দিতে পারে।
এর ফলে আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি সেফ থাকে। এইভাবেই ডাইভারসিফিকেশন স্ট্র্যাটেজি কাজ করে। তাই বিভিন্ন দেশে ইনভেস্ট করা উচিত। অনেক মানুষ সঠিক নলেজ না থাকার কারণে এই ধরনের ইনভেস্টমেন্ট করে না, কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট একটি শক্তিশালী ডিসিশন হিসেবে কাজ করে এবং আপনার টাকা গ্রো করাতে ও সেফটি মোডে রাখতে সাহায্য করে।
একটি ভালো গ্লোবাল পোর্টফোলিও হতে পারে—
যেমন, যদি ভালো গ্রোথ চান, তাহলে ইউএস স্টকে ইনভেস্ট করার চেষ্টা করুন।
আর যদি সিকিউরিটি বা ভরসা চান, তাহলে সিঙ্গাপুর স্টকে ইনভেস্ট করুন।
ইমার্জিং মার্কেটস→ বেশি রিটার্নের সম্ভাবনার জন্য।
৩. গ্লোবাল অর্থনৈতিক খবরের উপর নজর রাখুন
কোন দেশের অর্থনৈতিক অবস্থা কী চলছে, সেই সব খবরের উপর নজর রাখুন। যেমন, যে দেশে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেই দেশের বড় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক কত রেট বা কত ইন্টারেস্ট নির্ধারণ করেছে, সেই দেশের মুদ্রাস্ফীতি কী অবস্থায় আছে—এই সব বিষয় আপনাদের জানতে হবে।
এছাড়াও, সেই দেশের বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ থেকে শুরু করে যুদ্ধসংক্রান্ত খবরাখবর—এই সব কিছুই জানতে হবে এবং সময়ে সময়ে খেয়াল রাখতে হবে যে পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। তখন সেই দেশের উপর আপনার ইনভেস্টমেন্ট করবেন বা ইতিমধ্যে করে থাকলে সেই সিদ্ধান্তগুলো আরও অনেক বেশি শক্তিশালীভাবে নিতে পারবেন।
৪. দীর্ঘমেয়াদে বিনিয়োগ করাই সবচেয়ে নিরাপদ
যাঁরা একদম নতুন স্টক মার্কেটে এসেছেন, তাঁদের জন্য বলছি—মার্কেটকে না শিখে যদি আপনারা গ্লোবাল ইনভেস্টমেন্টের দিকে ঝোঁকেন, তাহলে সেটা অনেক বিপজ্জনক হতে পারে। বিশেষ করে গ্লোবাল মার্কেটে শর্ট-টার্ম ট্রেডিং করা একেবারেই উচিত নয়। তবে লং-টার্ম ইনভেস্টমেন্ট একটি ভালো সিদ্ধান্ত হতে পারে।
এখানে লং-টার্ম বলতে বোঝাচ্ছি ১০ থেকে ২০ বছর। এতে কী হয়—আপনার টাকা হারানোর ঝুঁকি অনেকটাই কমে যায় এবং আপনার টাকা কম্পাউন্ডিং হওয়ার সুযোগ পায়, যা বেশিরভাগ মানুষ তাদের টাকাকে করতে দেয় না। পাশাপাশি এতে আপনার মানসিক স্বাস্থ্যও ভালো থাকে।
একটা বিশেষ কথা মাথায় রাখবেন—স্টক মার্কেটে স্মার্ট ডিসিশন বলতে একটাই কথা বোঝায়, আর সেটা হলো দীর্ঘমেয়াদে আপনার টাকা ভালো কোনো কোম্পানিতে বিনিয়োগ করে রাখা। এর বাইরে কোনো স্মার্টনেস নেই।
৫. কারেন্সি রিস্ক (Currency Risk) কীভাবে বুঝবেন
বিদেশি মুদ্রায় বিনিয়োগ করার সময় সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার মান ওঠানামা করে—কখনও বাড়ে, কখনও কমে। এতে লাভের সঙ্গে ক্ষতিরও সম্ভাবনা থাকে।
কী করবেন:
বিভিন্ন মুদ্রায় বিনিয়োগ করুন – এক ধরণের মুদ্রায় সব টাকা না দিয়ে, ভাগাভাগি করে বিনিয়োগ করলে ঝুঁকি কমে।
গ্লোবাল ইনডেক্স ফান্ড বা ETF ব্যবহার করুন – এগুলো দিয়ে আপনি সহজে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ শুরু করতে পারেন।
দীর্ঘমেয়াদে চিন্তা করুন – একবারে সব টাকা বিনিয়োগ করলে ক্ষতি হলে ভয় পাবেন না। দীর্ঘমেয়াদে বাজার সাধারণত উন্নতি করে।
সেফ মুদ্রায় বিনিয়োগ করুন – শুধুমাত্র অতিরিক্ত অর্থ বিনিয়োগ করুন, যা আপনার দৈনন্দিন খরচে কোনো প্রভাব ফেলবে না।
গ্রাহামের শিক্ষণীয় পরামর্শ:
বিনিয়োগের ক্ষেত্রে বেঞ্জামিন গ্রাহাম বলেছেন—“আপনার জীবনের জন্য জরুরি না এমন টাকা দিয়ে বিনিয়োগ করুন।” অর্থাৎ, শুধু সেই টাকা ব্যবহার করুন যা আপনার দৈনন্দিন জীবনের খরচ বাদে অবশিষ্ট থাকে। এতে যদি কোনো ক্ষতি হয়, তবুও আপনার জীবনে কোনো প্রভাব পড়বে না।
৬. Global ETF ও Index Fund ব্যবহার করুন
নতুন বিনিয়োগকারীদের জন্য Global ETF হলো একটি সহজ এবং নিরাপদ উপায় আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ করার জন্য। এর মাধ্যমে কম খরচে বিশ্বের বিভিন্ন দেশের বড় কোম্পানিতে আপনার অর্থ বিনিয়োগ করা সম্ভব। একাধিক দেশের বাজারে একসাথে বিনিয়োগ থাকায় ঝুঁকি স্বাভাবিকভাবেই কমে। উদাহরণ হিসেবে, Vanguard S&P 500 ETF (VOO) মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে যেমন Apple, Microsoft এবং Amazon-এ বিনিয়োগ করে। অন্যদিকে, iShares MSCI World ETF বিশ্বের বিভিন্ন দেশের বড় কোম্পানিতে একসাথে বিনিয়োগের সুযোগ দেয়, যেমন জাপান, জার্মানি এবং কানাডার বাজার। দীর্ঘমেয়াদে এই ধরনের Global ETF বা Index Fund-এর মাধ্যমে বিনিয়োগ করলে নতুন বিনিয়োগকারীর জন্য ঝুঁকি কম থাকে, খরচ কম হয় এবং আন্তর্জাতিক বাজারের সম্ভাব্য লাভের সুযোগ বাড়ে।
৭. গ্লোবাল ইনভেস্টমেন্ট কীভাবে শুরু করবেন (প্র্যাকটিক্যাল ধাপসমূহ)
আমরা যখন গ্লোবাল ইনভেস্টমেন্টের কথা বলছি, তখন চলুন দেখি কীভাবে বাস্তবে গ্লোবাল ইনভেস্টমেন্ট শুরু করা যায়।
প্রথমে আপনাকে একটি আন্তর্জাতিক ব্রোকার খুঁজে নিতে হবে, যেমন ভারতে 5Paisa, Zerodha ইত্যাদি আছে। এরপর ওই ব্রোকারের মাধ্যমে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর তাদের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলে গ্লোবাল ইনভেস্টমেন্ট সেগমেন্টটি অ্যাক্টিভ করাতে হবে এবং তাদের নিয়ম-কানুন ও রেগুলেশন সম্পর্কে সব বিস্তারিত জেনে নিতে হবে।
এই ধাপগুলো সম্পন্ন হলে ধীরে ধীরে সবকিছু চালু হয়ে যাবে এবং তখন আপনি গ্লোবাল স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন।
এই পুরো প্রক্রিয়ার জন্য প্রথমে আপনাকে KYC সম্পূর্ণ করতে হবে। KYC-এর জন্য সাধারণত আপনার ছবি, আধার কার্ড, প্যান কার্ড, স্বাক্ষর (সিগনেচার) এবং ব্যাংক স্টেটমেন্ট বা ইনকাম ট্যাক্স সংক্রান্ত নথি জমা দিতে হয়।
এরপর আপনার ডিম্যাট অ্যাকাউন্টে টাকা যোগ করতে পারবেন। এই টাকা আপনি আপনার নরমাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে UPI-এর মাধ্যমে (যেমন GPay, PhonePe, Amazon Pay ইত্যাদি) সহজেই যোগ করতে পারেন। অর্থাৎ, আপনি যত টাকা বিনিয়োগ করতে চান, সেই পরিমাণ টাকা ডিম্যাট অ্যাকাউন্টে ফান্ড হিসেবে যোগ করবেন।
আমি যেভাবে শুরু করেছিলাম, আপনাদেরও পরামর্শ দেব—প্রথমে ETF (Exchange Traded Fund) দিয়ে গ্লোবাল ইনভেস্টমেন্ট শুরু করুন।
8.ট্যাক্স ও রেগুলেটরি বিষয়গুলো জানা কেন জরুরি
আমরা যখন বিভিন্ন দেশে বিনিয়োগ করার কথা ভাবি, তখন সেই দেশের ট্যাক্স ও রেগুলেটরি বিষয়গুলো সম্পর্কে একটু জানা খুবই প্রয়োজন। যেহেতু আমি ভারতে থাকি, তাই ভারতের ট্যাক্স ও রেগুলেটরি কাঠামো নিয়ে সংক্ষেপে বলছি।
প্রতিটি দেশের ট্যাক্স ও রেগুলেশন আলাদা আলাদা হয়। ভারত যেহেতু বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক উন্নতির দিকে এগোচ্ছে, তাই এখানে অনেক সুযোগ তৈরি হচ্ছে। সেই কারণেই বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে।
বিদেশিরা যদি ভারতীয় স্টক মার্কেটে বিনিয়োগ করতে চায়, তাহলে তাদের আগে এই ট্যাক্স ও রেগুলেটরি বিষয়গুলো জানা প্রয়োজন—
FDI – Foreign Direct Investment
FPI – Foreign Portfolio Investment
DTAA – Double Taxation Avoidance Agreement
(FDI):Foreign Direct Investment
যখন কোনো বিদেশি নাগরিক বা বিদেশি সংস্থা ভারতের শেয়ার বাজার বা কোনো ভারতীয় কোম্পানিতে সরাসরি বিনিয়োগ করে, তখন তাকে এফডিআই (Foreign Direct Investment) বলা হয়। এই ধরনের বিনিয়োগকারীদের কিছু অতিরিক্ত অধিকার থাকে। তারা কোনো একটি কোম্পানির প্রায় ৭০% থেকে ৭৪% পর্যন্ত মালিকানা অর্জন করতে পারে কিংবা কোম্পানির নিয়ন্ত্রণও নিতে পারে।
যেমনটি আমরা প্রায়ই শুনে থাকি—কোনো দেশের নিজস্ব উন্নয়নের জন্য যদি বিদেশ থেকে বিনিয়োগকারীরা এসে সেখানে ব্যবসা বা শিল্প স্থাপন করে, তবে ভারতেও সেই ধরনের বিদেশি বিনিয়োগকে এফডিআই বলা হয়।
FPI(Foreign Portfolio Investor)
যখন কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান ভারতীয় স্টক মার্কেটে বিনিয়োগ করে, আর সেই বিনিয়োগটা শুধু শেয়ার কেনা–বেচার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তখন তাকে FPI (Foreign Portfolio Investor) বলা হয়।
সহজভাবে বললে, FPI মানে হলো—বিদেশি বিনিয়োগকারী যারা ভারতীয় কোম্পানির শেয়ার কেনে ঠিকই, কিন্তু কোম্পানির মালিকানা বা নিয়ন্ত্রণ নেওয়ার অধিকার তাদের থাকে না। তারা শুধু নিজের portfolio manage করে, অর্থাৎ কোথায় বিনিয়োগ করবে, কখন শেয়ার কিনবে বা বিক্রি করবে—এই সিদ্ধান্তগুলো নেয় লাভের জন্য।
ধরুন, আমেরিকা বা ইউরোপের কোনো ফান্ড ম্যানেজার ভারতীয় কোনো IT কোম্পানির শেয়ার কিনল। সে কোম্পানির বোর্ডে বসতে পারবে না, কোম্পানি চালানোর সিদ্ধান্তও নিতে পারবে না। শুধু বাজারের ওঠানামা দেখে শেয়ার কিনবে বা বিক্রি করবে। এই ধরনের বিনিয়োগই FPI-এর মধ্যে পড়ে।
সংক্ষেপে বলতে গেলে,
FPI = বিদেশি বিনিয়োগকারী + ভারতীয় শেয়ার বাজার + শুধু বিনিয়োগ, কোনো নিয়ন্ত্রণ নয়।
FEMA বুঝতে গেলে আগে একটা খুব বেসিক বিষয় পরিষ্কার করা দরকার—Foreign Exchange মানে কী।
সহজ করে বললে, প্রতিটা দেশের নিজস্ব একটা করে মুদ্রা বা currency থাকে। যেমন ভারতের টাকা, আমেরিকার ডলার, ইউরোর ইউরো—সব আলাদা। এখন ধরুন, আপনি ভারতের টাকা দিয়ে আমেরিকা থেকে কিছু কিনতে চান, বা সেখানে বিনিয়োগ করতে চান। তখন সরাসরি ভারতীয় টাকা চলবে না। আগে সেটাকে ডলারে বদলাতে হবে। এই টাকা বদলানোর পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় Foreign Exchange।
অর্থাৎ, এক দেশের মুদ্রা যখন অন্য দেশের মুদ্রার সঙ্গে বদল হয়—সেটাই exchange। এই exchange সাধারণত ব্যাংক, authorised dealer বা নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হয়।
এখন আসি FEMA-তে।
যখন কোনো বিদেশি ব্যক্তি বা বিদেশি কোনো কোম্পানি ভারতে এসে টাকা বিনিয়োগ করে—ধরুন ব্যবসা শুরু করল, শেয়ার কিনল, বা কোনো কোম্পানিতে অংশীদার হলো—তখন সেই পুরো লেনদেনটা একটা নির্দিষ্ট আইনের আওতায় করা হয়। সেই আইনটার নামই হলো FEMA, অর্থাৎ Foreign Exchange Management Act।
FEMA মূলত এই বিষয়টা দেখে যে, বিদেশ থেকে আসা টাকা কীভাবে ভারতে ঢুকবে, কোথায় ব্যবহার হবে, আর কীভাবে সবকিছু আইনসম্মতভাবে পরিচালিত হবে। যাতে দেশের অর্থনৈতিক ভারসাম্য ঠিক থাকে এবং কোনো বেআইনি লেনদেন না হয়।
সহজ কথায় বললে, বিদেশি টাকা ভারতে আসা–যাওয়া এবং সেই টাকার ব্যবহার যেন নিয়মের মধ্যে থাকে—এই বিষয়টা দেখভাল করার জন্যই FEMA আইন চালু আছে।
RBI
আরবিআই হলো ভারতের সর্বোচ্চ শীর্ষ ব্যাংক, যারা ভারতের সমস্ত মানি ম্যানেজমেন্ট করে এবং দেশের ও বিদেশের সমস্ত হিসাব-নিকাশ আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত হয়।
DTAA
ধরুন আপনি ভারতের বাইরে থাকেন এবং সেই দেশে আয় করেন, তাই আপনাকে সেই দেশে ট্যাক্স দিতে হয়। আবার যদি আপনি ভারতীয় স্টক মার্কেট থেকে কোনো আয় করেন, তখন ডিটিএএ ট্যাক্স সিস্টেমের মাধ্যমে আপনাকে যেন দুই জায়গায় ট্যাক্স দিতে না হয় বা কম ট্যাক্স দিতে হয়-এই ব্যবস্থাটাই হলো ডিটিএএ।
(AML)Anti-Money Laundering
এএমএল বুঝতে গেলে আগে আমাদের একটু বুঝে নিতে হবে মানি লন্ডারিং কী।
সহজ ভাষায়, ভারতে কালো টাকা (Black Money) কে সাদা টাকা (White Money) তে পরিণত করার প্রক্রিয়াকেই মানি লন্ডারিং বলা হয়। এটি ভারতে সম্পূর্ণ অবৈধ (Illegal)।
যেকোনো বড় অঙ্কের টাকা ছোট ছোট অঙ্কে ভাগ করে বিভিন্ন লেনদেনের মাধ্যমে চালানো হয়—এইভাবেই সাধারণত মানি লন্ডারিং করা হয়। এর মূল উদ্দেশ্য হলো সেই টাকার আসল উৎস ও হিসাব ভারতীয় সরকারের কাছ থেকে লুকানোর চেষ্টা করা।
এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকম ট্যাক্স ও রেগুলেটরি সিস্টেম আছে। সেগুলো জেনে তারপর ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা-ভাবনা করবেন।
৯. গ্লোবাল ইনভেস্টররা যে সাধারণ ভুলগুলো করে
সাধারণ মানুষ যারা গ্লোবাল ইনভেস্টমেন্ট করে, তারা অনেক সময় কিছু বড় ভুল করে থাকে। যেমন—
অনেকেই কোনো কিছু না জেনে বা ভালোভাবে না বুঝেই বিভিন্ন দেশে বিনিয়োগ করে বসেন। তারা সেই দেশের নিয়ম-কানুন সম্পর্কে জানার চেষ্টা করেন না। সেই দেশের কারেন্সির ভ্যালু কী অবস্থায় আছে, বর্তমানে সেখানকার অর্থনৈতিক পরিস্থিতি কেমন—এসব বিষয়ও তারা বোঝেন না।
অনেকে শুধু ইউটিউবের কোনো ভিডিও দেখে বা সোশ্যাল মিডিয়ায় কোনো লোভনীয় বিজ্ঞাপন দেখেই বিনিয়োগ করে ফেলেন। এসব বিষয়ে খুব সতর্ক থাকা দরকার। কারণ যেকোনো দেশের শেয়ার বাজারই সবসময় ঝুঁকিপূর্ণ (Risky)। এখানে সামান্য একটি ভুল সিদ্ধান্তও আপনার পুরো পুঁজি শেষ করে দিতে পারে। তাই না বুঝে এ ধরনের বিনিয়োগ করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।
১০. গ্লোবাল ইনভেস্টমেন্ট কার জন্য উপযুক্ত? (Who should invest?)
একটা বিষয় মাথায় রাখতে হবে যে, সবাই গ্লোবাল মার্কেটে ইনভেস্ট করার জন্য উপযুক্ত নয়। যাদের রোজগার তুলনামূলকভাবে ভালো, কোথায় টাকা ইনভেস্ট করা যায় সে সম্পর্কে ধারণা আছে এবং যাদের দীর্ঘমেয়াদি ধৈর্য আছে—তারাই এ ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করতে পারেন।
১১. মাইন্ডসেট: সফল গ্লোবাল ইনভেস্টরের চিন্তাভাবনা
গ্লোবাল ইনভেস্টমেন্ট একটি ভালো সিদ্ধান্ত হতে পারে, কারণ এর মাধ্যমে আপনি আপনার টাকা অনেক বেশি ডাইভারসিফাই করতে পারবেন এবং দীর্ঘসময়ের জন্য বিভিন্ন বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনার টাকা আরও সুরক্ষিত হতে পারে। অর্থাৎ, আপনি বহুমুখী অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবেন।
শেষে কথা
সব শেষে একটা কথা আমি বলবো—যদি আপনারা গ্লোবাল মার্কেট ইনভেস্টমেন্ট সম্পর্কে না জানেন, তাহলে ভবিষ্যতে দেখবেন অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ নিজের দেশের অর্থনীতি যদি পিছিয়ে পড়ে, তখন যদি আপনার সামান্য কিছু টাকা গ্লোবাল মার্কেটে খাটান, তাহলে দেখবেন ১০–১৫ বছর পরে হয়তো এমন কিছু ফলাফল আসতে পারে, যা আপনার দেশে ঘটেনি।











